শর্তাবলি
ব্যবহারের শর্ত
নির্ণয় Rx কিনলে বা ব্যবহার করলে যে কথাগুলোয় আমরা দুজনেই রাজি হচ্ছি।
নির্ণয় Rx তৈরি ও বিক্রি করে Global (BD) IT Solution, ঢাকা, বাংলাদেশ। এই পাতায় “আমরা” বলতে তাদেরই বোঝানো হয়েছে, আর “আপনি” বলতে যিনি সফটওয়্যারটি কিনেছেন বা ব্যবহার করছেন।
আপনি কী কিনছেন
আপনি সফটওয়্যারটি ব্যবহারের একটি স্থায়ী লাইসেন্স কিনছেন — ভাড়া নয়। প্যাকেজে যতগুলো কম্পিউটার লেখা আছে ততগুলোয় চালাতে পারবেন, আর আপনার কেনা সংস্করণটি চিরকাল চলবে। প্যাকেজ অনুযায়ী ১ থেকে ৩ বছর নতুন সংস্করণ পাবেন; সেই মেয়াদ শেষ হলে সফটওয়্যার বন্ধ হয় না, কেবল নতুন সংস্করণ আসা বন্ধ হয়।
কে কিনতে পারবেন
নির্ণয় Rx বাংলাদেশে নিবন্ধিত চিকিৎসকদের জন্য। কেনার সময় আপনি নিশ্চিত করছেন যে আপনি বিএমডিসিতে নিবন্ধিত এবং আপনার নিবন্ধন বলবৎ আছে, আর যে নম্বরটি দিয়েছেন সেটি আপনারই। এই তথ্য ভুল হলে আমরা লাইসেন্সটি স্থগিত করতে পারি, টাকা ফেরত না দিয়েই — এবং প্রয়োজনে কর্তৃপক্ষকে জানাতে পারি।
এটি চিকিৎসার পরামর্শ দেয় না
নির্ণয় Rx লেখার যন্ত্র — চিকিৎসক নয়। এটি কোনো ওষুধ সুপারিশ করে না, ডোজ ঠিক করে না, রোগ নির্ণয় করে না, আর কোনো পরীক্ষা দিতে বলে না। AI যা করে তা হলো ল্যাব রিপোর্টের সংখ্যা তুলে আনা, পরামর্শ বাংলায় গুছিয়ে লেখা, আর লম্বা ইতিহাস সংক্ষেপ করা — কোন ওষুধ, কত ডোজ, সে সিদ্ধান্ত সবসময় এবং সম্পূর্ণভাবে চিকিৎসকের।
আপনার দায়
- রোগীর তথ্য আপনার কম্পিউটারে থাকে, তাই সেটির নিরাপত্তা ও ব্যাকআপ আপনার দায়িত্ব।
- recovery passphrase হারালে ব্যাকআপ আর খোলা যাবে না — আমাদের কাছেও সেটি নেই।
- লাইসেন্সটি আপনার; অন্যকে দেওয়া বা একাধিক জায়গায় ছড়িয়ে দেওয়া এই শর্তের বাইরে।
- বাংলাদেশের প্রচলিত আইন ও বিএমডিসির নিয়ম মেনে ব্যবহার করবেন।
- কোনো লাইসেন্স অনিবন্ধিত কেউ ব্যবহার করছেন জানলে support@nirnoyrx.com-এ জানাবেন।
আমাদের দায়, আর যেটুকু নয়
সফটওয়্যারটি যেভাবে কাজ করে বলে এই ওয়েবসাইটে লেখা আছে, সেভাবেই কাজ করবে — না করলে হয় ঠিক করে দেব, নয়তো টাকা ফেরত দেব। তবে নির্ণয় Rx একটি লেখার যন্ত্র, চিকিৎসার সিদ্ধান্ত নয়: কোন ওষুধ, কোন ডোজ, কোন পরীক্ষা — সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আপনার, আর তার দায়ও আপনার। ওষুধের তালিকা DGDA-র প্রকাশিত তথ্য থেকে নেওয়া এবং যত্ন করে মেলানো, কিন্তু প্রেসক্রিপশনে লেখার আগে দেখে নেওয়াটা চিকিৎসকেরই কাজ।
আমরা কখন বন্ধ করতে পারি
একটি লাইসেন্স যদি প্যাকেজের চেয়ে অনেক বেশি কম্পিউটারে ব্যবহৃত হতে দেখি, আমরা সেই লাইসেন্সে নতুন ওষুধের তালিকা আর অনলাইন সিরিয়ালের সেবা বন্ধ করে দিতে পারি — আগে জানিয়ে। যে সফটওয়্যারটি আপনি ইনস্টল করেছেন, সেটি বন্ধ করি না।
আইন ও আদালত
এই শর্তাবলি বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত, আর কোনো বিরোধ ঢাকার আদালতে নিষ্পত্তি হবে। তবে আদালতে যাওয়ার আগে একটি ইমেইল অনেক সস্তা — support@nirnoyrx.com।
সর্বশেষ হালনাগাদ 2026-09-26।