ডাক্তারের অ্যাপ · রোজকার কাজ
সেন্টারের ল্যাব রিপোর্ট নিজের অ্যাপে
যে সেন্টার বা হাসপাতালে আপনি পরীক্ষা পাঠান, সেখানকার রিপোর্ট সরাসরি রোগীর ফাইলে — যুক্ত করা, রিপোর্ট আসা, অফলাইনে আর রিলে মেইলবক্স।
যে ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতাল নির্ণয় Rx চালায়, সেখানে আপনার দেওয়া পরীক্ষার রিপোর্ট অনুমোদন ও পরিশোধের পর নিজে থেকেই আপনার অ্যাপে আসে — রোগী রাজি থাকলে। আপনি সেখানে বসেন (সেন্টারের নিজের ডাক্তার), অথবা বাইরে থেকে শুধু রোগী পাঠান — বাইরের ডাক্তারের ক্ষেত্রে সেন্টার সেটি চালু করলে তবেই।
একবার যুক্ত করা
- সেন্টারের কাছে লিংক চান। তারা ডাক্তার পাতায় আপনার নামের পাশে লিংক তৈরি করে দেবে; লিংকটি একবারই, সাত দিন কাজ করে।
- নির্ণয় Rx-এ ডাক্তার ও চেম্বার খুলুন, ওই সেন্টারের চেম্বারটি বেছে নিন (না থাকলে আগে চেম্বার যোগ করুন)।
- নির্ণয় Rx চালানো সেন্টার-এর ঘরে লিংকটি হুবহু বসান, কী জানাবেন বেছে নিন, এখানে আমার দেওয়া পরীক্ষার ল্যাব রিপোর্ট আমার অ্যাপে আসুক চালু রাখুন, তারপর সেন্টারের সঙ্গে যুক্ত করুন।
যুক্ত হওয়ার সময় আপনার অ্যাপ আর সেন্টার মিলে একটি চাবি বানায়, যা কোথাও পাঠানো হয় না। প্রতিটি রিপোর্ট সেই চাবিতে তালাবদ্ধ হয়ে আসে — মাঝের রিলে পড়তে পারে না। ২.১৭-এর আগে যুক্ত হলে চেম্বারে লেখা থাকবে রিপোর্টের জন্য আবার যুক্ত করুন: সেন্টারের কাছে নতুন লিংক চেয়ে আবার বসান।
রিপোর্ট কীভাবে আসে
- অ্যাপ খোলা ও অনলাইন থাকলে প্রতি দশ মিনিটে সেন্টারকে জিজ্ঞেস করে; চেম্বারে এখনই দেখুন চাপলে সাথে সাথে। শেষ কখন খোঁজ নিয়েছে তা চেম্বারেই লেখা থাকে।
- প্রতিবার আগে সেন্টারের রিলে মেইলবক্স দেখে: সেন্টার প্রতিটি রিপোর্ট তালাবদ্ধ অবস্থায় সেখানেও রেখে আসে, তাই সেন্টারের কম্পিউটার বন্ধ বা অফলাইন থাকলেও রিপোর্ট আসে। নেওয়া মাত্র মেইলবক্স থেকে মুছে যায়।
- মোবাইল নম্বর ও নাম মিলিয়ে প্রতিটি রিপোর্ট আপনার রোগীর ফাইলে যায়। নিশ্চিত না হলে — একই মোবাইলে কয়েকজন, নাম অন্যভাবে লেখা, বা ফাইলে নেই — রিপোর্টটি ল্যাব রিপোর্ট পাতার ওপরে অপেক্ষা করে (সেন্টারের ল্যাব রিপোর্ট: কার রিপোর্ট?)। ঠিক রোগী বেছে দিন, নতুন রোগী তৈরি করুন, বা সরিয়ে রাখুন।
- একই রিপোর্ট দুই পথে এলেও ফাইলে একবারই থাকে। সংশোধিত রিপোর্ট এলে আগেরটির জায়গা নেয়।
রিপোর্ট খোলা
- রিপোর্টের নিজের রেঞ্জের বাইরের মান, আগের রিপোর্টের পর কী বদলেছে, আর আপনার রোগীর বর্তমান ওষুধের সাথে কোন মান জড়িত — সব বিনামূল্যে, নিয়ম দেখে।
- এআই দিয়ে পড়ুন ঐচ্ছিক — এতে ক্রেডিট লাগে, দাম আগেই দেখায়, আর লেখাটি খসড়া।
- সিদ্ধান্ত: আসার দরকার নেই — রিপোর্ট দেখে প্রেসক্রিপশন লিখে রোগীকে লিংক পাঠান; আসতে হবে — রোগীকে আসতে বলুন। রিভিউ ফি নিলে প্রেসক্রিপশন খোলে টাকা পরিশোধের পর।
অফলাইনে
- আপনার অ্যাপ অফলাইন থাকলে কিছু হারায় না: রিপোর্ট সেন্টারে আর মেইলবক্সে অপেক্ষা করে, পরের বার অনলাইন হলে সব একসাথে আসে।
- যা এসে গেছে তা আপনার নিজের কম্পিউটারে: ইন্টারনেট ছাড়াই খোলা, দেখা আর প্রেসক্রিপশন লেখা যায়।
- মেইলবক্সে রিপোর্ট ১৪ দিন থাকে; তার মধ্যে না নিলে সেন্টার আবার রেখে আসে, আর সেন্টারে রিপোর্ট থাকে যতদিন না পৌঁছায়।
রিপোর্ট না এলে
- রোগী রাজি হয়েছেন কি না, আর সেন্টারে পরীক্ষাগুলো আপনার নামে লেখা, অনুমোদিত ও পুরো পরিশোধিত কি না — সেন্টারকে জিজ্ঞেস করুন।
- বাইরের ডাক্তার হলে: সেন্টার বাইরের ডাক্তারদের রিপোর্ট পাঠানো চালু করেছে কি না।
- এখনই দেখুন চাপুন। “সেন্টারে এখন পৌঁছানো যাচ্ছে না” দেখালেও মেইলবক্সের রিপোর্ট আসে; নতুন রিপোর্ট সেন্টার অনলাইন হলে আসবে।
- “সেন্টার এই লিংক বন্ধ করেছে” দেখালে সেন্টারের কাছে নতুন লিংক চান।
রোগীর তথ্য আপনার কাছ থেকে সেন্টারে যায় না। আপনি চাইলে সেন্টার আপনাকে শুধু আপনার রোগীদের পরীক্ষার মোট সংখ্যা ও পরিশোধিত টাকা জানায় — কোনো কমিশন নয়।
এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন — কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।

