লঞ্চ অফার — ৩০% ছাড়

শেষ ৩০ মার্চ ২০২৭ কিনুন

ডাক্তারের অ্যাপ · রোজকার কাজ

অনলাইনে রোগী দেখা

যেকোনো রোগীর ফাইল থেকে ভিডিও সাক্ষাৎ: রোগী লিংক ও সহজ নির্দেশনা পান, আর প্রেসক্রিপশন আগের মতোই প্যাডে লিখে তাঁর ফোনে পাঠাবেন।


যে রোগী চেম্বারে আসতে পারছেন না (দূরে থাকেন, বয়স্ক, বা শুধু রিপোর্ট দেখাতে আসতেন), তাঁকে ঘরে বসেই ভিডিওতে দেখা যায়। যেকোনো রোগীর জন্য তাঁর ফাইল থেকেই ভিডিও সাক্ষাৎ ঠিক করুন; রোগী একটি লিংক আর কীভাবে যোগ দেবেন তার সহজ নির্দেশনা পান।

এটি চেম্বার ও ক্লিনিক প্যাকেজে আছে। সলো প্যাকেজে অনলাইনে রোগী দেখা যায় না।

যা যা লাগবে

  • কম্পিউটারে একটি ক্যামেরা ও মাইক্রোফোন। ল্যাপটপে সাধারণত দুটোই থাকে।
  • রোগীর ফাইলে মোবাইল নম্বর, বার্তা পাঠাতে। না থাকলে বার্তাটি কপি করে যেকোনোভাবে পাঠানো যায়।
অনলাইন সিরিয়াল আগে চালু না থাকলে প্রথম ভিডিও সাক্ষাৎ ঠিক করার সময় নিজে থেকেই চালু হয়; রোগী সেই ঠিকানা দিয়েই যোগ দেন। কিছু সেট করতে হয় না।

ভিডিও সাক্ষাৎ ঠিক করা

  1. রোগীর ফাইল খুলুন, উপরে ভিডিও সাক্ষাৎ চাপুন। রিপোর্ট দেখে “দেখা দরকার” বেছে থাকলেও সেখানে আসতে পারছেন না? ভিডিওতে দেখুন পাবেন।
  2. দিন বেছে নিন (একাধিক চেম্বার থাকলে চেম্বারও), আর বার্তার ভাষা: বাংলা বা ইংরেজি।
  3. হোয়াটসঅ্যাপে পাঠান, ফোন থেকে পাঠান বা বার্তা কপি করুন চাপুন। সাক্ষাৎটি সেই দিনের লাইনে একটি সিরিয়াল নেয়, চেম্বারের শুরুর সময় ও রোগীপ্রতি মিনিট মেনে আনুমানিক সময়সহ।

রোগী যে বার্তা পান তাতে থাকে: কে দেখবেন, কবে ও আনুমানিক কখন, লিংকটি, আর তিনটি কথা (সময় হলে লিংক খুলে শুরু করুন চাপবেন, ফোন চাইলে ক্যামেরা ও মাইকের অনুমতি দেবেন, ওয়াই-ফাই বা ভালো ইন্টারনেট রেখে শান্ত জায়গায় বসবেন)।

একই রোগীর জন্য বুক করা ভিডিও সাক্ষাৎগুলো একই জানালায় তালিকা হয়ে থাকে; লিংক আবার কপি করা বা বাতিল করা যায়। আগে থেকেই সেই দিনের সিরিয়াল থাকলে সেটিই ভিডিও সাক্ষাৎ হয়, নতুন সিরিয়াল নেয় না।

কল যখন আসে

  1. রোগী লিংক খুলে শুরু করুন চাপেন। পাতায় আগেই লেখা থাকে কোন ডাক্তার, কোন চেম্বার, কবে ও আনুমানিক কখন। ভিডিও ছাড়া শুধু কথা বলার বোতামও আছে।
  2. আপনি যে পাতাতেই থাকুন (ডেস্ক, প্যাড, রোগীর ফাইল), উপরে সবুজ একটি লাইন আসে: “সিরিয়াল ৭ ডাকছেন”, রোগীর নামসহ। ধরুন চাপুন।
  3. অন্য রোগী দেখছেন? এখন না চাপুন; রোগীর পাতা বলে ডাক্তার একটু পরে ধরবেন। পাতা খোলা থাকলে রোগীর ফোন নিজে থেকেই আবার জানাতে থাকে, পৌনে এক ঘণ্টা পর্যন্ত।
  4. কথা চলার সময়ও প্যাডে প্রেসক্রিপশন লিখতে পারেন; কল উপরে থাকে। শেষে রোগীকে পাঠান চাপলে তাঁর ফোনে চলে যাবে।

কথাবার্তা কোথায় যায়

ছবি ও আওয়াজ রোগীর ফোন থেকে সাধারণত সরাসরি আপনার কম্পিউটারে আসে। যে মোবাইল নেটওয়ার্কে সরাসরি সংযোগ হয় না, সেখানে আমাদের একটি সার্ভার প্যাকেটগুলো পৌঁছে দেয়, তবে কলটি দুই প্রান্তে আগে থেকেই তালাবদ্ধ (এনক্রিপ্টেড), তাই সার্ভার সেটি দেখতে বা শুনতে পারে না। কল রেকর্ড হয় না, কোথাও জমা থাকে না, আর কে কার সঙ্গে কথা বলেছেন তার কোনো তালিকা আমাদের কাছে নেই।

সংযোগ না হলে

সংযোগ হতে না পারলে দুই পাশেই পরিষ্কার লেখা ওঠে, আর রোগীর পাতায় আবার চেষ্টা করুন বোতাম থাকে। রোগীর ওয়াই-ফাই থাকলে সেটিতে গিয়ে চেষ্টা করলে প্রায়ই হয়ে যায়; তাও না হলে রোগীকে ফোন করে কথা বলুন, নম্বরটি তাঁর ফাইলেই আছে।

ভিডিও বন্ধ করে শুধু কথা বললে দুর্বল লাইনেও অনেক সময় চলে যায়। রোগীর পাতায় শুধু কথা বোতামটি তার জন্যই।

যা এটি নয়

এটি কোনো বাজার নয়। রোগী আমাদের কাছ থেকে ডাক্তার খোঁজেন না, আর আপনার ফি থেকে আমরা কিছু নিই না; কল যত খুশি করুন, লাইসেন্সের বাইরে কোনো খরচ নেই।


এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন। কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।