রোজকার কাজ
শিশুর বৃদ্ধি, টিকা ও গর্ভাবস্থা
পাঁচ বছরের নিচের শিশুর মাপ WHO মানদণ্ডে, ইপিআই টিকার সূচি, আর শেষ মাসিক থেকে গর্ভকাল ও প্রসবের তারিখ।
শিশুর বৃদ্ধি
পাঁচ বছরের নিচের শিশুর প্যাডে ওজনের নিচে আরও দুটি ঘর আসে: দৈর্ঘ্য (দুই বছরের নিচে, শুইয়ে মাপা) বা উচ্চতা, আর মাথার পরিধি — সেন্টিমিটারে। লেখার সঙ্গে সঙ্গে নিচে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) শিশু বৃদ্ধির মানদণ্ডে সেগুলো পড়া হয়:
- বয়স অনুযায়ী ওজন — কম ওজন, মারাত্মক কম ওজন
- বয়স অনুযায়ী দৈর্ঘ্য/উচ্চতা — খর্বকায়, মারাত্মক খর্বকায়
- দৈর্ঘ্য/উচ্চতা অনুযায়ী ওজন — কৃশকায় (MAM), মারাত্মক কৃশকায় (SAM), অতিরিক্ত ওজন
- বয়স অনুযায়ী মাথার পরিধি — মাথা ছোট বা বড়
প্রতিটির পাশে SD (z-score) লেখা থাকে, যেমন “−২.৪ SD · কম ওজন”। মানদণ্ডের সম্ভাব্য সীমার বাইরের মাপকে রোগ বলা হয় না — বলা হয় “মাপটি আবার দেখুন”।
প্যাডের উপরে বৃদ্ধি লিংকে প্রতিটি ভিজিটের মাপ WHO কার্ভের উপর বসানো চার্ট — মধ্যমা, ±২ আর ±৩ SD রেখাসহ — যাতে কার্ভ থেকে সরে যাওয়াটা চোখে পড়ে।
ইপিআই টিকা
শিশুর প্যাডে টিকা লিংকে বাংলাদেশের নিয়মিত ইপিআই সূচি, প্রতিটি ডোজের নির্ধারিত তারিখসহ। কোনো ডোজ বাকি থাকলে লিংকের পাশে লাল করে লেখা থাকে কয়টি।
| কখন | টিকা |
|---|---|
| জন্মের সময় | বিসিজি |
| ৬ সপ্তাহ | পেন্টা ১, ওপিভি ১, পিসিভি ১, এফআইপিভি ১ |
| ১০ সপ্তাহ | পেন্টা ২, ওপিভি ২, পিসিভি ২ |
| ১৪ সপ্তাহ | পেন্টা ৩, ওপিভি ৩, এফআইপিভি ২ |
| ১৮ সপ্তাহ | পিসিভি ৩ |
| ৯ মাস | এমআর ১ |
| ১৫ মাস | এমআর ২ |
ডোজ দেওয়া হলে আজ দেওয়া হলো চাপুন; কার্ড দেখে আগের ডোজ তুলতে আগে দেওয়া চেপে তারিখ দিন, তারিখ জানা না থাকলে তারিখ জানা নেই। একই টিকার পরের ডোজ আগেরটির অন্তত চার সপ্তাহ পরে ধরা হয় — তাই একটি ডোজ দেরিতে হলে পরেরটির তারিখও সেই অনুযায়ী সরে যায়।
গর্ভাবস্থা
১২ থেকে ৫৫ বছরের নারী রোগীর প্যাডে শেষ মাসিক (LMP) ঘরটি সব সময় খোলা থাকে না। ভিজিটটি গর্ভাবস্থা নিয়ে হলে নিজেই খোলে — আগের ভিজিট থেকে LMP চলে এলে, অথবা অভিযোগ, পূর্ব ইতিহাস, পরীক্ষা বা রোগ নির্ণয়ে pregnant, ANC, missed period, amenorrhoea, trimester, গর্ভ, মাসিক বন্ধ ধরনের কিছু লেখা থাকলে। অন্য সময় ভাইটালের নিচে একটি ছোট + গর্ভাবস্থা (LMP) বোতাম থাকে, চাপলে ঘরটি খোলে। তারিখ দিলেই পাশে গর্ভকাল (সপ্তাহ ও দিন), কোন ত্রৈমাসিক, আর সম্ভাব্য প্রসবের তারিখ (LMP থেকে ২৮০ দিন) দেখায়; তারিখ পেরিয়ে গেলে সেটিও বলে।
- প্রেসক্রিপশনে ছাপা হয় — শেষ মাসিক, সম্ভাব্য প্রসব আর ভিজিটের দিনের গর্ভকাল।
- পরের প্রসবপূর্ব ভিজিটে তারিখটি নিজেই চলে আসে, যতদিন সেটি ৩০০ দিনের কম পুরোনো।
এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন — কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।

