R x

রোজকার কাজ

AI চালু করা ও ক্রেডিট

দুটি পথ — নিজের API key, নয়তো নির্ণয় Rx থেকে কেনা ক্রেডিট। কোনটায় কত খরচ, আর হিসাব কোথায় দেখবেন।


AI বন্ধ রেখেও নির্ণয় Rx-এর সবকিছু চলে। চালু করলে যা পাবেন তা হলো লেখার কাজ কমে যাওয়া — ল্যাব রিপোর্ট পড়ে নেওয়া, লেখা গুছিয়ে দেওয়া, রোগীর ইতিহাস সংক্ষেপ করা। খরচ দুইভাবে দিতে পারেন।

পথ এক: নিজের API key

Anthropic-এ নিজের অ্যাকাউন্ট খুলে একটি key নিয়ে বসিয়ে দিন। তাহলে আমাদের কিছুই দিতে হয় না — বিল সরাসরি ওদের কাছ থেকে আপনার কার্ডে যায়, আর আপনার কোনো কিছু আমাদের সার্ভার দিয়ে যায় না। ডলারে কার্ড থাকলে এটিই সস্তা।

  1. ডাক্তার ও চেম্বার পাতায় যান।
  2. AI অংশে নিজের key বেছে নিন।
  3. key-টি বসিয়ে সংরক্ষণ করুন। key আপনার কম্পিউটারেই এনক্রিপ্ট করা থাকে।

পথ দুই: আমাদের কাছ থেকে ক্রেডিট

ডলারের কার্ড না থাকলে — বাংলাদেশে যা বেশিরভাগ ডাক্তারের ক্ষেত্রেই সত্যি — আমাদের কাছ থেকে ক্রেডিট কিনে নিন। বিকাশ বা কার্ডে টাকায় দাম দেবেন। তখন কলগুলো আমাদের সার্ভার হয়ে মডেলে যায়, আর আপনার লাইসেন্সই পরিচয়পত্র — আলাদা কোনো key রাখতে হয় না।

প্যাকেজক্রেডিটদাম
ছোট500৳500
মাঝারি1,500৳1,400
বড়4,000৳3,500

একটি ক্রেডিট মানে এক টাকা। কিন্তু একেকটি কাজে এক টাকার অনেক কমই লাগে — তাই হিসাব রাখা হয় পয়সায়, আর পর্দায় ক্রেডিটে দেখানো হয়। সাধারণ একটি কাজে ১ থেকে ৫ টাকা, ল্যাব রিপোর্ট পড়াতে ২ থেকে ৫ টাকার মতো। ৫০০ ক্রেডিটে সাধারণত একশোর বেশি কাজ হয়ে যায়।

  1. nirnoyrx.com-এ দাম পাতা থেকে প্যাকেজ বেছে নিন।
  2. ফর্মে আপনার মেশিন আইডি দিন — অ্যাপের লাইসেন্স পাতায় লেখা আছে। ক্রেডিট ওই লাইসেন্সেই জমা হয়।
  3. বিকাশ বা কার্ডে টাকা দিন। জমা হয়ে গেলে অ্যাপে ক্রেডিট বেছে নিলেই চলবে।
লাইসেন্স বসানোর আগে ক্রেডিট কিনলেও সমস্যা নেই — পরে যখন অ্যাপটি প্রথমবার আমাদের সার্ভারে খোঁজ নেবে, ক্রেডিট তখনই জমা হয়ে যাবে। আপনাকে কিছু করতে হবে না।

খরচ কোথায় দেখবেন

প্রতিটি AI বোতামের পাশেই চাপার আগে আনুমানিক খরচ লেখা থাকে। চাপার পর কত গেল তা সফটওয়্যারেই জমা হয় — কোন কাজে কত, কবে। ক্রেডিট ব্যবহার করলে বাকি কত আছে তাও ওই পাতাতেই দেখবেন।

ক্রেডিট ফুরিয়ে গেলে AI বোতামগুলো একটি বাক্য দিয়ে জানিয়ে দেবে — চুপচাপ কাজ করা বন্ধ করবে না। বাকি সফটওয়্যার আগের মতোই চলতে থাকবে।

কোনটা বেছে নেবেন

  • ডলারের কার্ড আছে, আর নিজে অ্যাকাউন্ট রাখতে আপত্তি নেই — নিজের key নিন, সস্তা পড়বে।
  • টাকায় দিতে চান, ঝামেলা চান না — ক্রেডিট নিন। আমাদের মার্জিন যোগ হয়, বদলে কার্ড বা অ্যাকাউন্ট কিছুই লাগে না।
  • দুটোর কোনোটাই না — AI বন্ধ রাখুন। প্রেসক্রিপশন, রোগীর ফাইল, ডেস্ক, ব্যাকআপ সবই চলবে।

এই পাতাটি কাজে না এলে সাপোর্টে লিখুন — কোথায় আটকেছেন বললে পাতাটিও ঠিক করে দেব।